গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
গাজীপুর প্রতিনিধি :
আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা শ্রমিক দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি লাভলু ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী ও সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিকের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান। মিছিলে গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক মিনার উদ্দিন ও সদস্য সচিব আবুল কালাম প্রধানসহ সদর উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মনিপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।