বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্টেশনের খালি জায়গায় পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিত করার দাবি এখনো পূরণ হয়নি। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও জুলাইয়ের চেতনা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা করছে। তার দাবি, গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলেও জাতীয় সংসদে সেই সনদকে অবজ্ঞা ও কটূক্তি করা হচ্ছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই গণজাগরণ’ কর্মসূচি। তিনি দাবি করেন, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রেরণায় নেপাল ও ভারতের বিভিন্ন স্থানেও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এছাড়া কিশোরগঞ্জের তিনটি উপজেলায় আয়োজিত এ পদযাত্রার মূল উদ্দেশ্য জনগণের সঙ্গে মতবিনিময় এবং দলীয় কার্যক্রম তুলে ধরা। কিশোরগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।