পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

পঞ্চগড় জেলা প্রতিনিধি : খাদেমুল ইসলাম

পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জামায়াত বিএনপির অনুরোধেই ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিল। তিনি জানান, সে সময় দলটির নিবন্ধন না থাকায় জোটগত সিদ্ধান্ত অনুযায়ী এক প্রতীকে নির্বাচন করা হয়।

বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এই ধরনের প্রশ্নের জবাব বিএনপিকেই দিতে হবে।” তিনি আরও দাবি করেন, অতীতে বিএনপি নেতারা জামায়াতের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও বর্তমানে আওয়ামী লীগের বক্তব্যের মতো ভাষায় জামায়াতকে আক্রমণ করা হচ্ছে।

শনিবার (৯ মে) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদে এনসিপি ছাড়া সব নিবন্ধিত রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। পরে রাষ্ট্রপতির আদেশ ও ২৫ নভেম্বর গণভোট অধ্যাদেশ জারির মাধ্যমে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি অভিযোগ করেন, প্রক্রিয়াটি চলাকালে চার মাস বিএনপি কোনো আপত্তি না তুললেও পরে সরকার গঠনের পর তারা সংবিধান সংস্কার প্রশ্নে অবস্থান পরিবর্তন করে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা এতে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তাদের রায় এখন অস্বীকার করা হচ্ছে। তার দাবি অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে মত দিয়েছেন।

সংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী যেন দলীয় প্রধান থাকতে না পারেন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু, সাংবিধানিক পদে নিয়োগে আলাদা সার্চ কমিটি গঠন এবং বিচারপতি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে নিরপেক্ষ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, এসব সংস্কার বাস্তবায়ন না হলে অতীতের মতো ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঘটতে পারে।

শেষে তিনি জাতীয় সংসদের আগামী অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, “আমরা সংঘাত বা সহিংসতা চাই না, সংসদের ভেতর থেকেই গণতান্ত্রিক ও গঠনমূলক সমাধান চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *