মাদক নয়, মাঠে তরুণদের উন্মাদনা-সেমিফাইনালে কালিয়াকৈর

মাদক নয়, মাঠে তরুণদের উন্মাদনা-সেমিফাইনালে কালিয়াকৈর

Aug 21, 2026

 

গাজীপুর প্রতিনিধিঃ

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে চলছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ভাওয়ালগড় ইউনিয়নের নয়াপাড়া এলাকার ভাওয়াল টাইগার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় ফ্রেন্ডস ফুটবল একাডেমি (সাইনবোর্ড-ধলাদিয়া) ও কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কালিয়াকৈর ব্রাদার্স ফুটবল একাদশ। খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। বিকেলে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক দর্শক। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে তৈরি হয় উত্তেজনা। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। ম্যাচের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুজিবুর রহমান। ভাওয়াল টাইগার্স ক্লাবের সভাপতি লুৎফর রহমান খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন শেখ, বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সদর উদ্দিন শেখ খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন খান, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ ক্লাবের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফুটবলপ্রেমীরা। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। উল্লেখ্য, এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাঘের বাজার ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে পরবর্তী ধাপে জায়গা করে নেয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ একতা সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *