আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা

Sep 4, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধি:

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আত্রাই উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার বুড়িমাতলা সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামাণিকের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব সজীব কুমার সাহা ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আত্রাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী কেশব কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “আমাদের আবহমান বাংলার মূল শক্তিই হলো অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি। সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিময় বাংলাদেশ গঠনে একযোগে কাজ করে যাব—হোক আজকের দিনের শপথ।” তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শ্রীকৃষ্ণের শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *