বৈশাখী শোভাযাত্রায় পবায় উৎসবের আমেজ

বৈশাখী শোভাযাত্রায় পবায় উৎসবের আমেজ

অফিস ডেস্ক :

রাজশাহী ১৪ এপ্রিল ২০২৬

রাজশাহীর পবা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গন। সেই লক্ষ্যে“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” স্লোগানকে সামনে রেখে সকাল থেকেই নানা বয়সী মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এ উৎসব আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার ছোঁয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, আরএমপি এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারি, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. লতিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হাফিজুর রহমান হাফিজ, নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক হোসেন রহমানসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উৎসবমুখর এ আয়োজন পবা উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন বছরের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *