‘গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের জীবনযাত্রায় চরম আঘাত হানবে, এ সিদ্ধান্ত গণবিরোধী: এম এ আলীম সরকার
‘গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের জীবনযাত্রায় চরম আঘাত হানবে, এ সিদ্ধান্ত গণবিরোধী: এম এ আলীম সরকার
বুধবার ( ৪ নভেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম বলেন, আমরা গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
এম এ আলীম সরকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসহনীয় দাম, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং মানুষের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে সাধারণ মানুষ আজ দিশেহারা। এর মধ্যে আবার গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দেবে। এতে শিল্প, ব্যবসা-বাণিজ্য, উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে, যার চূড়ান্ত বোঝা বহন করতে হবে সাধারণ জনগণকে। তিনি আরও বলেন, জনগণের ক্রয়ক্ষমতা ও আর্থিক সামর্থ্য বিবেচনা না করে গ্যাসের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব জনগণের জীবনযাত্রা সহজ করা, নতুন করে দুর্ভোগ সৃষ্টি করা নয়। এম এ আলীম সরকার অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ও উদ্যোগ থেকে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তিনি গ্যাস খাতের অনিয়ম, দুর্নীতি ও অপচয় বন্ধ করে জনগণের স্বার্থে জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ওপর একের পর এক মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। জনগণের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ গণমুক্তি পার্টি রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে।