পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি:
শক্তিশালী পরিবারই উন্নয়নের মূল একক”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন শাহ্ সুফি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সহসভাপতি ইব্রাহিম হোসেন। সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া। তাঁরা আরও বলেন, এ কার্যক্রমের সফল বাস্তবায়নে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলো যাতে সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং যোগ্য পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।