সংবিধানের ৭০ ধারা বাতিলে বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের

সংবিধানের ৭০ ধারা বাতিলে বৈশ্বিক জনমত গঠনের ঘোষণা দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের

Jun 16, 2026

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সংবিধানের ৭০ ধারা বাতিল বা যুগোপযোগী সংস্কারের দাবিতে দেশ-বিদেশে ব্যাপক জনমত গড়ে তোলার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ।
রোববার (১৪ জুন) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউরোপীয় নেতা ফারুক আহমেদ চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা। তিনি বলেন, সংবিধানের ৭০ ধারা সংসদ সদস্যদের স্বাধীন মতপ্রকাশ ও ভোটদানের অধিকার সীমিত করেছে। ফলে জাতীয় সংসদে প্রকৃত গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। তিনি এ ধারাকে বাতিল অথবা সময়োপযোগী সংস্কারের দাবি জানান।
সভাপতির বক্তব্যে ফারুক আহমেদ চৌধুরী বলেন, সংবিধানের ৭০ ধারা সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ সংকুচিত করেছে, যা কার্যকর সংসদীয় গণতন্ত্রের জন্য অন্তরায়। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এ ধারা পুনর্বিবেচনার সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর আনিসুর রহমান, মেজর ইমরান মিয়া, লায়ন শাহিদা পারভীন রতনা, ইয়াসমিন রহমান বকুল, তানজিনা জাহান, হাকিকুল ইসলাম খোকন, এস এম আব্দুস সাত্তার, রেয়াজ আবু সাইদ, ড. শরিফ শাকী, ইসমাইল খান ও জগলু আহমেদসহ আরও অনেকে।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ ধারা বাতিল বা সংস্কারের দাবিতে সরকারের কাছে লিখিত প্রস্তাব প্রদান, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, আইনজ্ঞ ও শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জাতীয় ঐকমত্য গঠন এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে ব্যাপক জনমত সৃষ্টি।
সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠার জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের সদস্য সচিব এম এ রউফ (কাতার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *