সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

Jun 22, 2026

 

অফিস ডেস্কঃ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে বোট থেকে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় বোটে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *