চান্দনা চৌরাস্তায় কাপড়ের চুরি, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাপড়ের বাক্সের তালা খুলে প্রায় ৭৫ হাজার টাকার শার্ট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার সালনা এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী মো. আলমগীর আলী (৫৫) গত ২৯ জুন দেশের বাড়ি সোনারগাঁও, নারায়ণগঞ্জে বেড়াতে যান। তিনি বাড়ির বাইরে থাকা অবস্থায় চান্দনা চৌরাস্তা ঢাকা রোডে তার বড় ভাইয়ের হার্ডওয়্যার দোকানের সামনে রাখা কাপড়ের একটি বড় বাক্সের তালা খুলে চোর ২৫১ পিস শার্ট নিয়ে যায়। চুরি হওয়া এসব শার্টের বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ হাজার ৩০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ী আলমগীর আলী জানান, দেশের বাড়ি থেকে ফিরে তিনি দোকানে গিয়ে মালামাল না পেয়ে বিষয়টি খতিয়ে দেখেন। পরে পাশের দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে একজন ব্যক্তিকে বাক্সের তালা খুলে কাপড় নিয়ে যেতে দেখা যায়।
তিনি আরও জানান, বিষয়টি পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার পর চুরি হওয়া মালামাল উদ্ধারের লক্ষ্যে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবিতে বাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাসন থানার পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।