নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি

নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি

Nov 20, 2026

নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর শিবপুরে বড় ভাই ও মাকে ঠকিয়ে ছোট দুই ভাই জোরপূর্বক ভোগ দখল করেছে পিতার পুরো সম্পত্তি ও ঘরবাড়ি। ভুক্তভোগী মা রহিমা বেগম ও তার বড় ছেলে আব্দুল কাদির ছোট দুই ছেলে সাদেক ও আলামিনের বিরুদ্ধে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর এই মর্মে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগে তিনি জানান, তার স্বামী সিরাজ উদ্দিনের মৃত্যুর পর উপজেলার দত্তেরগাঁও শাহাবুদ্দিন বাজারস্থ তার স্বামী মৃত সিরাজ উদ্দিনের যাবতীয় জায়গা জমি ও ঘরবাড়ি ছোট দুই ছেলে সাদেক ও আলামিন গংরা জোরপূর্বক দখল করে আমার বড় ছেলে কাদির ও আমাকে সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে। শুধু তাই নয়, বড় ছেলে আব্দুল কাদির বিদেশে থাকাকালীন সময়ে পাঠানো সমুদয় টাকা এবং একটি সিএনজি ও একটি হাইয়েচ গাড়িও তারা বিক্রি করে সমুদয় টাকা আত্মসাৎ করেছে। এমনকি কাদিরের পাঠানো টাকায় তার বাড়িতে চার রুম বিশিষ্ট একতলা বিল্ডিংও তারা দখল করে নিয়েছে। ব্যাংকের মাধ্যমে সহজ কিস্তিতে ২৫ লক্ষ টাকা নিয়ে একটি হাইয়েচ গাড়ি খরিদ করেছিল বড়ভাই কাদির। এবং রেন্টএকারে গাড়িটি ভাড়া চালাতো। এই গাড়িটি এবং একটি সিএনজিও তারা গোপনে বিক্রি করে দিয়েছে। এতে সর্বমোট ৫১ লাখ টাকা বড় ছেলে কাদিরকে না দিয়ে সমূদয় টাকা আত্মসাৎ করেছে ছোট দুই ভাই। এব্যাপারে তিনি নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও একটি মামলা দায়ের করেছেন। মামলার আর্জিতে তিনি জানিয়েছেন, বাদির স্বামী ওয়ারিশ হিসেবে স্ত্রী রহিমা বেগম, তিন পুত্র ও চার কন্যা রেখে চলতি বছরের ১২ জানুয়ারী মৃত্যুবরণ করেন সিরাজ উদ্দিন। স্বামীর মৃত্যুর পর শরিয়তী ফরায়েজে বাদি ও বাদির তিন ছেলে ও চার কন্যা সন্তান উক্ত সম্পত্তির বৈধ অংশিদার ও দখলদার নিয়ত আছেন। উক্ত সম্পত্তিতে বাদী ছোট ২ ছেলে ও ২ মেয়ের জামাইয়ের কু-দৃষ্টি পড়ে। তারা বাদির ৪ কন্যা ও বড় ভাই কাদিরকে সম্পূর্ণ বঞ্চিত করে এবং বাদীর অংশ আত্মসাৎ করার জন্য দীর্ঘদিন যাবত উক্ত সম্পত্তি নিজেদের নামে লিখে নেয়ার জন্য বাদির উপর চাপ প্রয়োগ করে আসছিল। তার স্বামী সিরাজ উদ্দিন অসুস্থ থাকাকালীন মিথ্যা প্রলোভনে নরসিংদীতে ভালো ডাক্তার দেখানোর কথা বলে প্রতারণা করে শিবপুর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে যায়। এবং পূর্বে প্রস্তুতকৃত কিছু টাইপ করা কাগজে (দলিল) বাদির স্বামীর অসুস্থতা ও সরলতার সুযোগে হাসপাতালের কাগজ বলে মিথ্যা বুঝিয়ে তার স্বামীর স্বাক্ষর নেয়। পরবর্তীতে বাদি রহিমা বেগম লোকমুখে এ বিষয়ে অবগত হয়ে বিষয়টি সন্দেহজনক হলে শিবপুর সাব-রেজিস্ট্রি অফিস থেকে জালিয়াতি দলিলের সার্টিফাইড (নকল) উত্তোলন করে। বাদি বিষয়টি আসামিদের অবগত করলে আসামিরা বাদির উপর চরম ক্ষিপ্ত হয় এবং জমি থেকে বাদি ও তার বড় ছেলে কাদিরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। নরসিংদী শিবপুর থানার দত্তেরগাঁও মৌজার ৩টি দাগে মোট ১৫.১০ শতাংশ জমি বিবাদীরা জবরদখল রেখেছে এবং ঘরবাড়ি-দালানকোটাও বিবাদীরা দখলে নিয়েছে। বর্তমানে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বড় ভাই কাদির ও তার মা রহিমা বেগম। এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আব্দুস সালাম এ বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে তিনি বিবাদী সাদেক মিয়া, তার ভাই আলামিন, তাদের স্ত্রী তমা আক্তার ও নিলুফা মনি এর বিরুদ্ধে মামলার ঘটনাটি পেনাল কোডে ৪৪৮/৩২৩/৩৮০/৩৮৫/৫০৬ (২) ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্যবলে প্রমাণিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *