শ্রীপুরে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার, হত্যার পর বাইরে থেকে তালা দেওয়ার অভিযোগ

শ্রীপুরে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার, হত্যার পর বাইরে থেকে তালা দেওয়ার অভিযোগ

Nov 3, 2026

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে শাহীন হোসেন (৩২) নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির চারতলার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শাহীন উপজেলার নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, প্রায় পাঁচ মাস আগে শাহীন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর পরিবারের কারও সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহীনের বন্ধু আলমগীর হোসেন ফোন করে তাঁকে হত্যার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ রাতে তালা ভেঙে ঘরের খাটের ওপর থেকে শাহীনের লাশ উদ্ধার করে। আজাহার হোসেনের দাবি, শাহীনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা বাসার বাইরে তালা দিয়ে চলে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর থেকে ওই তরুণীকে পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *