নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা ডিবির পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ৮০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও নগদ টাকা জব্দ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর নওগাঁর মহাদেবপুর ও সদর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, উপজেলার ডিমজাওন গ্রামের জিল্লুর রহমানের বাড়ির পাশে এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে বিকেল ৫টার দিকে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পালানোর চেষ্টা করেন। এ সময় নারী পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক নারী তার নাম সুন্দর বিবি (৫৬), স্বামী জিল্লুর রহমান, গ্রাম ডিমজাওন, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ বলে জানান। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তার দেহ তল্লাশি করে হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। পুলিশ জানায়, সুন্দর বিবির বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। অপরদিকে, নওগাঁ সদর থানা এলাকায় ডিবির অপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাঁচাবাজার এলাকায় শহীদ সেলিম পৌর মার্কেটের আশপাশে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে অভিযানিক দল সেখানে পৌঁছে সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। আটক ব্যক্তিরা হলেন—শ্রী কৃষান (২৮), পিতা মৃত ক্ষিতিশ সরকার এবং শ্রী দীপক ওরফে কার্তিক (৩৬), পিতা রাধাকৃষ্ণ। তাদের উভয়ের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব নুনিয়াপাড়া এলাকায় বলে পুলিশ জানিয়েছে। পরে তাদের দেহ তল্লাশি করে শ্রী কৃষানের পরিহিত লুঙ্গির কোমরে থাকা নীল জিপারযুক্ত পলিথিনের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার সহযোগী হিসেবে দীপক ওরফে কার্তিককেও গ্রেপ্তার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শ্রী কৃষানের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। অপর গ্রেপ্তার দীপক ওরফে কার্তিকের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।