নওগাঁ সদরে ডিবি ও নওগাঁ সদর থানার অভিযানে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে ১১৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি সহ মোট ৯ গ্রেপ্তার

নওগাঁ সদরে ডিবি ও নওগাঁ সদর থানার অভিযানে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে ১১৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি সহ মোট ৯ গ্রেপ্তার

Sep 19, 2026

 

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ। একই অভিযানে মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানে মোট ৯ জন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ১৮ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে চারদিক থেকে এলাকা ঘেরাও করে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শ্রী মুনি (৪৫) নামে এক নারীকে নারী পুলিশ সদস্যরা দেহ তল্লাশি করেন। এ সময় তার হেফাজত থেকে কালো পলিথিনে মোড়ানো চারটি নীল রঙের প্যাকেট থেকে যথাক্রমে ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০ পিসসহ মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এ সময় মুনির সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, মুনির বাড়ি সুইপার কলোনি এলাকায়, মানিকের বাড়ি নওগাঁ শহরের বাগবাড়ি পূর্বপাড়া এবং শাওনের বাড়ি খাস নওগাঁ এলাকায়। অভিযানের সময় সুইপার কলোনি এলাকায় মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে এসব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদক প্রতিরোধে পুলিশকে সহযোগিতা এবং সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *