মহাসড়ক দখলে অটোরিকশা-থ্রি হুইলার, তৎপর সালনা হাইওয়ে পুলিশ

মহাসড়ক দখলে অটোরিকশা-থ্রি হুইলার, তৎপর সালনা হাইওয়ে পুলিশ

Aug 29, 2026

 

গাজীপুর প্রতিনিধিঃ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদের পর এবার মহাসড়কে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা ও থ্রি-হুইলারের চলাচল নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন পয়েন্টে মহাসড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা, যত্রতত্র অবস্থান ও হঠাৎ ইউটার্ন নেওয়ার কারণে সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। মহাসড়কের গুরুত্বপূর্ণ বাজার, ইউটার্ন ও সংযোগ সড়কের মুখে প্রায়ই দেখা যায় অটোরিকশা ও থ্রি-হুইলারের জটলা। এতে ব্যস্ত এই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি প্রশাসনের অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ থেকে অবৈধ বাজার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে মহাসড়কের বেশ কিছু অংশ দখলমুক্ত হলেও নতুন করে আলোচনায় এসেছে অটোরিকশা ও থ্রি-হুইলারের অবাধ চলাচল। এ অবস্থায় সাম্প্রতিক সময়ে এসব যানবাহনের বিরুদ্ধে তৎপরতা বাড়িয়েছে সালনা হাইওয়ে পুলিশ। মহাসড়কে অবস্থান নেওয়া অটোরিকশা ও থ্রি-হুইলার সরিয়ে দেওয়া, চালকদের সতর্ক করা এবং কোথাও কোথাও আটক করার মতো পদক্ষেপও দেখা যাচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, মহাসড়কে অটোরিকশা ও থ্রি-হুইলারের এই অবাধ চলাচল দীর্ঘদিনের হলেও এখন কেন হঠাৎ তৎপরতা বাড়ানো হলো। তাদের দাবি, সাময়িক অভিযান নয়, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাবুর জানান, আমরা প্রতিনিয়ত মহাসড়কে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছি। অটো রিক্সা চালকদের প্রাথমিকভাবে সতর্কতা বার্তা দিচ্ছি। প্রতিটি আঞ্চলিক সড়কের অটোরিকশা যাতে মহাসড়কে না উঠে সেই লক্ষ্যে কাজ করছি। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এখন স্থানীয়দের প্রত্যাশা, বাজার উচ্ছেদের পর মহাসড়ককে দখল ও বিশৃঙ্খলামুক্ত রাখতে অটোরিকশা-থ্রি-হুইলারের বিরুদ্ধেও নিয়মিত ও কার্যকর ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *