মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে নিয়ে পাঁচদিন ধরে অনশন করছেন লায়লা নামে এক তরুণী। শনিবার (৮ আগস্ট) থেকে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত তিনি প্রেমিক আমিন খানের বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। লায়লার দাবি, দুবাই প্রবাসী আমিন খানের সঙ্গে তার প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। আমিন দেশে থাকা অবস্থায় দুই বছর এবং পরবর্তীতে দুবাই প্রবাসে থাকা অবস্থায় আরও দুই বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন। দীর্ঘদিনের সম্পর্কের পর এখন আমিন বিয়েতে অস্বীকৃতি জানাচ্ছেন বলে অভিযোগ লায়লার। লায়লার বাবা ও শংকরাদহ গ্রামের বাসিন্দা সোহাগ খান বলেন, “বিয়ে করবে বলে সম্পর্ক করার পর এখন অস্বীকার করায় আমার মেয়ে পাঁচদিন ধরে অনশন করছে। গ্রামের সর্দার-মাতব্বররা বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের জন্য ছেলে পক্ষকে বিয়ের প্রস্তাব দিলে তারা প্রথমে সম্মতি দিলেও এখন টালবাহানা শুরু করেছে। এ অবস্থায় মেয়ের জীবন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।” এদিকে আমিন খানের বড় ভাই আজমল খান অনশনের বিষয়টি স্বীকার করে বলেন, “আমার ছোট ভাইয়ের সঙ্গে রিলেশন ছিল। কিন্তু আমার ছোট ভাই বিয়েতে সম্মতি দিচ্ছে না। আমাদের কী করার আছে?” বিষের বোতল হাতে রাখার বিষয়ে আজমল খান বলেন, “বিষের বোতল ছিল। তবে গ্রামের সাহেব-সর্দাররা সেটি সরিয়ে নিয়েছেন।” স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসার জন্য গ্রামের সর্দার-মাতব্বররা কয়েক দফা উদ্যোগ নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান হয়নি। দীর্ঘ সময় ধরে তরুণীটি প্রেমিকের বাড়িতে অবস্থান করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেমিক আমিন খান হরিণবেড় গ্রামের কামাল খানের ছেলে। তিনি বর্তমানে দুবাই প্রবাসী বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নাসিরনগর থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।