গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ভোগান্তি, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ভোগান্তি, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল সম্পাদন করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ—এমন অভিযোগ উঠেছে সেবাগ্রহীতাদের পক্ষ থেকে। বিশেষ করে দলিল করতে বাধ্যতামূলকভাবে টিআইএন (TIN) সার্টিফিকেট চাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি ও ক্ষোভ।

ভুক্তভোগীদের দাবি, নিয়মের বাইরে গিয়ে কিছু ক্ষেত্রে অতিরিক্ত অর্থের বিনিময়ে দলিল সম্পাদনের সুযোগ করে দিচ্ছে একটি দালাল ও দলিল লেখক চক্র। এতে সাধারণ মানুষকে বারবার হয়রানি ও ভোগান্তির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি নির্ধারিত ফি’র বাইরে দলিল সম্পাদনের নামে অতিরিক্ত ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এই অতিরিক্ত অর্থ কার কাছে যাচ্ছে—অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা, দালাল চক্র নাকি অন্য কোনো মহল—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দিনের পর দিন অফিসে ঘুরেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। তবে অতিরিক্ত অর্থ দিলে দ্রুত কাজ সম্পন্ন হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে অফিসজুড়ে অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা আরও জোরালো হয়েছে।

সচেতন মহল মনে করছে, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন অভিযোগ উঠলেও কার্যকর নজরদারি ও তদন্তের অভাবে পরিস্থিতির উন্নতি হয়নি। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগীরা বলেন, “সাধারণ মানুষ যদি ন্যায্য সেবা না পায়, তাহলে এই দুর্ভোগের শেষ কোথায়?” স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সেবাগ্রহীতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *