পাথরঘাটায় দু’টি জবাই করা হরিণসহ শিকারি আটক, এক বছরের কারাদণ্ড
অফিস ডেস্ক
বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীসংলগ্ন এলাকায় হরিণ শিকারের অভিযোগে মোঃ হানিফ (৪৫) নামের এক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাদুরতলা খালসংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় মোঃ হানিফকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে দুটি জবাইকৃত পুরুষ হরিণের মাংস উদ্ধার করা হয়। উদ্ধার করা মাংসের পরিমাণ আনুমানিক ১৬০ কেজি, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া হরিণ শিকারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার, প্রায় ১২০০ মিটার দীর্ঘ ফাঁদ এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটক মোঃ হানিফ পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাশারের ছেলে।
জব্দ কার্যক্রমের সময় উপস্থিত সাক্ষী ছিলেন বাদুরতলা গ্রামের মোঃ হাসান (৩২) ও পদ্মা গ্রামের কাওসার (২২)।
পরে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেরঙণ বিচারক মোঃ পনির শেখ আসামিকে দণ্ড দেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছে।