ভুয়া ফেসবুক আইডি ‘আমার দেশ’ থেকে ১২ সাংবাদিককে হুমকি, গৌরীপুর থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার |শামীম খান
ময়মনসিংহের গৌরীপুরে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও হুমকির অভিযোগে ১২ সাংবাদিককে জড়িয়ে অপপ্রচার চালানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন গৌরীপুর থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সালাহ উদ্দিন করিম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান তদন্ত করছেন।
তদন্ত কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ফেসবুক আইডির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এবং অভিযোগে উল্লিখিত পোস্টটিও মুছে ফেলা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘আমার দেশ’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ওই পোস্টে কয়েকজন সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করছেন। ওই আইডিতে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর শেয়ার করা ছাড়াও ব্যবসায়ী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। এমনকি মানহানির ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে। এছাড়া ওই আইডি থেকে অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগও উঠেছে।
অভিযুক্ত হুমায়ুন কবীরের পরিচয় ও ঠিকানা শনাক্ত করতে একটি গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হুমকিপ্রাপ্ত সাংবাদিকরা হলেন—দৈনিক কালবেলার গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের ওবায়দুর রহমান, দৈনিক গণকণ্ঠের সুমন, বাংলাদেশের আলোর আব্দুর রউফ দুদু, মানবজমিনের শামীম হোসেন আলভী, প্রতিদিনের বাংলাদেশের শামীম আনোয়ার, ডেইলি ইন্ডাস্ট্রির ফারুক আহমেদ, জনতার শেখ মো. বিপ্লব, সময়ের কণ্ঠস্বরের হলি সিয়াম শ্রাবণ, আলোকিত সকালের আব্দুল কাদির এবং আজকের পত্রিকার আরিফ আহমেদ।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।