খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা.
অফিস ডেস্ক :
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদকে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত খান মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।
উল্লেখ্য ১৮ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মুরাদের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে ১০-১৫ জন তার গতিরোধ করে হামলা চালায়।
আত্মরক্ষার জন্য মুরাদ বক্সীবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং দুই হাঁটুর নিচে পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।