সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

Sep 8, 2026

 

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও বিএনপি নেতা মো. সরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক মোল্যা ও সরোয়ার একই পক্ষের হওয়ায় নতুন মাত্রা যোগ হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টার দিকে ছরোয়ার হোসেনের সমর্থক মো. টুকু মাতুব্বর সোনাপুর বাজারে গেলে লাভলুর সমর্থকদের সঙ্গে তার কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে জড়ো হন। পরে উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে, সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। সংঘর্ষের বিষয়ে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া যায়নি। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অ্যাডভোকেট হাবিবুর রহমান লাভলু ও ছরোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *