গোবিন্দগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের মহিমাগঞ্জ সড়কে সমৃদ্ধি ডায়াগনস্টিক এন্ড গোবিন্দগঞ্জ ডায়াবেটিক সেন্টারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, ডায়াবেটিস রোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার ও সাফিয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারুল হক। সভাপতির বক্তব্যে ডায়াবেটিসের ভয়াবহতা, সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ প্রক্রিয়া এবং করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাজেদুল ইসলাম (সুজন)। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশনের সভাপতি খালিদ হোসেন, উপজেলা ফারিয়া’র সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক রতন কবির, ম্যানেজার ফোরামের সভাপতি খালেকুজ্জামান খালেক, সাধারণ সম্পাদক গোলাম রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা জানান, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠান শেষে ডায়াবেটিক সেন্টারের সামনে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং ডাক্তারের পরামর্শ দেওয়া হয়।