ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অফিস- দোকান ভাঙচুর ১৫ জন আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ আখাউড়া উপজেলা জামায়াতে সেক্রেটারী বোরহান উদ্দিন খান

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে অফিস- দোকান ভাঙচুর ১৫ জন আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ আখাউড়া উপজেলা জামায়াতে সেক্রেটারী বোরহান উদ্দিন খান

Nov 14, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ ও পথচারীসহ অন্তত ১৫ জন আহত এবং দলীয় কার্যালয় ও সাধারণ মানুষের দোকানপাট ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আখাউড়া পৌরসভার মেয়রপ্রার্থী মাওলানা মোঃ বোরহান উদ্দিন খান। শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে গত ৭ নভেম্বর কসবায় এবং ১৩ নভেম্বর আখাউড়া উপজেলা সদরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন, ভাঙচুর এবং পাল্টাপাল্টি হামলার মাধ্যমে এলাকায় আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, আখাউড়ার সংঘর্ষে পুলিশসহ ১৫ জনের বেশি আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের নিজস্ব দলীয় কার্যালয় এবং সাধারণ মানুষের দোকানপাট। রাজনৈতিক বিরোধের জেরে সাধারণ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠান ও জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে আখাউড়ার স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মাওলানা মোঃ বোরহান উদ্দিন খান আরও বলেন, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সংঘর্ষে আহতের শিকার হচ্ছেন। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তিনি আখাউড়ার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *