গাজীপুর-২ আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল
অফিস ডেস্ক :
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে বিজয় লাভ করায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় দলীয় নির্দেশনা ও এম মঞ্জুরুল করিম রনির দিকনির্দেশনায় কোনো বিজয় মিছিল বা আতশবাজি ছাড়াই নিজ নিজ এলাকায় বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়। তারই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আরিচপুর (শাহী মসজিদ রোড) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সবিরুল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন বাবু। আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন সানি, ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়াদুদুর রহমান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাজীবর রহমান, দুবাই শাখা শ্রমিক দলের সভাপতি মো. তরিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ।
মিলাদ ও দোয়া শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।