কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

কালীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পেশাজীবী ও সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মো. আল আমিন দেওয়ান, জনতার দল মনোনীত কলম প্রতীকের প্রার্থী আজম খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খায়রুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ ও সর্বস্তরের সাধারণ মানুষ।
সভায় পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পুলিশ প্রশাসন সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি প্রার্থীদের পারস্পরিক কাদা ছোড়াছুড়ি পরিহার করে জনগণের মন জয় করে ভোট আদায়ের আহ্বান জানান। একই সঙ্গে গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপস্থিত প্রার্থী, গণমাধ্যমকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিদের প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সভা শেষে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *