গাজীপুরে অস্ত্র ও গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেফতার

গাজীপুরে অস্ত্র ও গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ ‘মিয়া কসাই’ নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই (৪০)। তিনি ঢাকা মহানগরীর হাতিরঝিল থানার মগবাজার নয়াটোলা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের গাছা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গাছা থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া বগারটেক চায়না ফ্যাক্টরি গলি এলাকায় জনৈক তাহেরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি চালিয়ে ৭.৬৫ এমএম ও ৯ এমএম ক্যালিবারের দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাইয়ের বিরুদ্ধে এর আগেও ডিএমপির হাতিরঝিল থানায় মাদক মামলা এবং শাহজাহানপুর থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *