মান্দায় ডাসকোর বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের আওতায় সামাজিক বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংক্ষিপ্ত আলোচনা শেষে কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে রাস্তার পাশে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমন, বনভূমি উজাড় রোধ এবং ভূমিক্ষয় মোকাবিলায় সামাজিক বনায়নের গুরুত্ব বিবেচনায় নিয়ে এনগেজ প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার পাশে, খালের পাড়ে, স্কুলের আশপাশসহ বিভিন্ন খালি জায়গায় মোট ৩ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট স্থানীয় সুশীল সমাজের সংগঠনগুলো এসব গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব পালন করবে। এর মধ্যে প্রকল্পের অর্থায়নে ১ হাজার চারা এবং বাকি ২ হাজার চারা স্থানীয় সুশীল সমাজের সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) মো. আল এমরান (মাসুদ রানা), ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর নির্মলা রানী দাস, ব্রজেন হেমব্রমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।