বাংলাদেশের সর্বজনীন শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা: বৈষম্যের অবসান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

বাংলাদেশের সর্বজনীন শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা: বৈষম্যের অবসান ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ

Nov 14, 2026

অথই নূরুল আমিন

দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সুশৃঙ্খল পদ্ধতিতে চলছে না। জায়গায় জায়গায় রয়েছে চরম বৈষম্য — যেমন শিক্ষকদের বেলায়, তেমনি শিক্ষার্থীদের বেলায়। দেশের শিক্ষার মান বিশ্বজুড়ে কাঙ্ক্ষিত সুনাম আনতে পারছে না। অন্যদিকে শিক্ষার্থীদের সংখ্যা দিন দিন কমে আসছে। অসংখ্য শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকেই ঝরে যাচ্ছে। তারপর অষ্টম এবং দশম শ্রেণিতে গিয়েও অসংখ্য শিক্ষার্থী ঝরে যাচ্ছে। অন্যদিকে দেশের শিক্ষা বহুমুখী পদ্ধতিতে রূপ নিয়েছে। যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার সংখ্যা তুলনামূলক কম। সরকারি উচ্চ বিদ্যালয়, সংখ্যা আরও কম, যেখানে বেতন লাগে না। তারপর এমপিওভুক্ত স্কুলগুলোতে বেতনসহ নানা রকম ফি, পরীক্ষা ফি এবং আনুষঙ্গিক খরচ শিক্ষার্থী অথবা অভিভাবকদের বহন করতে হচ্ছে। অন্যদিকে সরকারও দেশের বিপুল সংখ্যক শিক্ষকের বেতন দিয়ে যাচ্ছে। বিশেষ করে এমপিওভুক্ত স্কুলে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের যে বেতন দেওয়া হচ্ছে, তার সুফল শিক্ষার্থী বা অভিভাবকেরা সরাসরি পাচ্ছেন না বলে মনে করেন। কারণ একটি এমপিওভুক্ত স্কুলে একজন শিক্ষার্থীর মোট খরচের পরিমাণ একটি বেসরকারি কিন্ডারগার্টেন বা মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সমান প্রায়, যেখানে সরকারের সরাসরি সহযোগিতা নেই। এতে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে মনে করা হয়। আজ সময় এসেছে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে একটি পদ্ধতির মধ্যে নিয়ে আসার। সেটা যদিও সরকারের জন্য বড় অঙ্কের বাজেটের প্রকল্প হয়ে দাঁড়াবে, তবু এই গুরু দায়িত্ব একমাত্র সরকারকেই নিতে হবে।

১. শিক্ষা বৈষম্য দূর করা-শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করা এবং বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করতে, বাংলাদেশের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেতন, ভাতা ও পেনশন সরকার বহন করবে দেশের সরকারের কোষাগার থেকেই। ২. নতুন নিয়োগ-শিক্ষাখাতে নতুন নিয়মে ও শর্তসাপেক্ষে প্রয়োজনে সরকার আরও শিক্ষক নিয়োগ দেবে। এই রূপরেখা অনুযায়ী পরবর্তীতে নতুন শিক্ষক নিয়োগ হবে ১৫ বছরের জন্য। বেতন-ভাতা নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে। তবে বর্তমানে যেসকল শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন, তাদের ক্ষেত্রে পূর্বের শর্তই বলবৎ থাকবে। ৩. এমপিওভুক্ত শিক্ষক-এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অনেকের নিয়োগ চূড়ান্ত করা হবে, অর্থাৎ সরাসরি সরকারি করা হবে। কিছু শিক্ষকের ক্ষেত্রে জীবনমান উন্নয়নের জন্য ব্যাংক ঋণ, যেমন তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব করা হলো। নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতা হবে মূল ভিত্তি। কোনোভাবেই জোরপূর্বক কিছু করা হবে না, সব হবে আলোচনা সাপেক্ষে। এককথায় কোন শিক্ষকের সাথে এমন কিছু করা হবে না, যার জীবনে ক্ষতির কারণ হয়ে যায়। ৪. সকল বেসরকারি প্রতিষ্ঠান সরকারিকরণ বাংলাদেশের সকল বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ, যাদের নবম বা দশম শ্রেণি পর্যন্ত সরকারি তালিকাভুক্তি বা অনুমোদন রয়েছে, এবং সকল বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা ও অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠান পর্যায়ক্রমে সরকারিকরণের প্রস্তাব করা হলো। এসব প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নতুন নিয়মে চুক্তিভিত্তিক নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫. শিক্ষার্থীদের জন্য ফি মুক্ত শিক্ষা- ( অবৈতনিক শিক্ষা পদ্ধতি ) বাংলাদেশের কোনো শিক্ষার্থীকে দেশের যেকোনো স্কুল, এমপিওভুক্ত স্কুল, কিন্ডারগার্টেন, মাদ্রাসাসহ প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা অর্জনে স্কুলের বেতন, ভর্তি ফি, সেশন ফি, পরীক্ষা ফিসহ কোনো ফি দিতে হবে না। যেহেতু শিক্ষকদের সকল প্রকার বেতন-ভাতা সরকার বহন করবে। এরকম একটি পদ্ধতি আরও অনেক আগেই নেওয়া দরকার ছিল। ৬. অবসর ভাতা ও অন্যান্য সুবিধা-শিক্ষকদের ক্ষেত্রে অবসরে যাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত একটি ভাতা দেওয়া হবে, “অবসর ভাতা”। এই ভাতার পরিমাণ নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে, যাতে একজন শিক্ষক অর্থাভাবে কারো কাছে হাত পাততে না হয়। একজন ভালো শিক্ষক সমাজের দর্পণ — তাই সর্বাধিক সম্মান প্রদর্শন করা হবে। প্রতি জেলায় একটি শিক্ষক হাসপাতাল তৈরি করার প্রস্তাব করা হলো, যেখানে শিক্ষক/শিক্ষিকাগণ সরকারি অর্ধ খরচে চিকিৎসা নেবেন। এছাড়া প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের জন্য সপরিবারে থাকার সুবিধাসহ বাসস্থান থাকবে। এছাড়া থাকবে দশটি করে সিঙ্গেল রুম, যাতে বদলিকৃত শিক্ষক/শিক্ষিকাগণ থাকতে পারেন। এই সুযোগ প্রাথমিকভাবে সরকারি স্কুল বা এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ২০৩৫ সালের মধ্যে দেশের প্রায় সকল বিদ্যালয়ে আবাসন প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হলো। একই স্কুলে স্বামী ও স্ত্রী দুজনেই প্রয়োজনে শিক্ষকতা করতে পারবেন। ৭. কারিগরি ও শৃঙ্খলা শিক্ষা-শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়ালেখার পাশাপাশি আলাদাভাবে কারিগরি শিক্ষা এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও আনসার প্রশিক্ষণ থাকবে সপ্তাহে তিনদিন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। এসএসসি উত্তীর্ণ হওয়ার পর থেকে শিক্ষার্থীরা সরকারের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা পাবে। এইচএসসি উত্তীর্ণ হওয়ার পর বেসরকারি খাতে চাকরির সুযোগ এবং স্নাতক থেকে পরবর্তী ধাপগুলোতে সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করা হলো।সংশোধন: মূল লেখায় “শতভাগ সরকারি চাকরির নিশ্চয়তা” বলা হয়েছিল। বাস্তবতার কারণে এটিকে “অগ্রাধিকার ও সুযোগ সৃষ্টি” হিসেবে সংশোধন করা হয়েছে। ৮. পাঠ্যপুস্তক ও ফি নীতি-এই রূপরেখা অনুযায়ী বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির নিচে আনুষ্ঠানিক শিক্ষা থাকবে না। সরকারের শর্ত অনুযায়ী সরকার কর্তৃক প্রকাশিত পাঠ্যপুস্তক ছাড়া অন্য বই পাঠ করানো যাবে না। কোনো শিক্ষার্থীর কাছ থেকে আনুষ্ঠানিক অনুষ্ঠান, খেলাধুলা ছাড়া আর কোনো ফি নেওয়া যাবে না। ৯. প্রতিভা রূপরেখা-দেশের সকল শিক্ষার্থীর নামে একটি করে “প্রতিভা রূপরেখা” থাকবে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত লিপিবদ্ধ থাকবে একজন শিক্ষার্থীর দৈনিক প্রতিভা লিপি। যেমন খেলাধুলা, সংস্কৃতি, কবিতা পাঠ, গানসহ নানাবিধ প্রতিভা। শনিবারের ছুটির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। *বিঃ দ্রঃ* উল্লেখিত শিক্ষক-শিক্ষার্থী রূপরেখা আরও পরিমার্জিত করা হতে পারে, পরিবর্তন-পরিবর্ধন করা হতে পারে। এই সকল দাবি-দাওয়া বিবেচনা ও অনুমোদনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করার প্রস্তাব করা হলো। অনুমোদন হলেই তা চালু হবে। এই শিক্ষা পদ্ধতি দীর্ঘমেয়াদি একটি রূপরেখা। কখনও কোনো শিক্ষককে কোনো দাবি নিয়ে মানববন্ধন করতে হবে না। কখনও শিক্ষক ও সরকারের মাঝে অসম্মানজনক কোনো ঘটনা ঘটবে না। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে সম্ভাবনাময় সুযোগ। উপরে উল্লেখিত বিধানে লেখাপড়া করলে বা লেখাপড়া শেষে স্বপ্ন পূরণ আর কঠিন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *