সাংবাদিকদের সম্মানে আড়াইহাজারে ইফতার মাহফিল

অফিস ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তি মমিনুল হক সরকার।
আড়াইহাজার সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক সোহানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক রুহুল আমিনের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার সাংবাদিক ফোরামের উপদেষ্টা সাংবাদিক মাছুম বিল্লাহ, মাওলানা হাদিউল ইসলাম, সাইফুল ইসলাম, সোহানুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বিশেষ অতিথির বক্তব্যে ফোরামের উপদেষ্টা মাওলানা হাদিউল ইসলাম বলেন, পবিত্র কুরআনে যে আয়াতের মাধ্যমে রোজা ও নামাজ ফরজ করা হয়েছে, একই আয়াতে দ্বীন প্রতিষ্ঠার কথাও উল্লেখ রয়েছে। তিনি বলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, যেকোনো পেশায় সফল হতে হলে দক্ষতা ও অভিজ্ঞতার বিকল্প নেই। সাংবাদিকতা পেশায় ভালো করতে হলে মেধা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, পৃথিবীর যেখানেই কোনো ঘটনা ঘটুক না কেন, সাংবাদিকদের মাধ্যমেই মানুষ তা জানতে পারে। তাই এ পেশার গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা প্রয়োজন এবং সাংবাদিক ফোরামকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ সময় তিনি পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান হলো কুরআন নাজিলের মাস এবং কুরআন মুসলিমদের জন্য প্রেরণার উৎস।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।