রাণীনগর থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম রাণীনগর থানা আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্ত কার্যক্রম, রেকর্ডপত্র সংরক্ষণ, ডিউটি ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনকালে তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত, স্বচ্ছ ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। একইসঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি থানার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার, রাণীনগর থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। পুলিশ সুপারের আকস্মিক এ পরিদর্শনকে থানার কার্যক্রমে জবাবদিহিতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং আরও জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।