লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন

লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন

Aug 13, 2026

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

পরিবার ও ছোট সন্তানদের আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্যারোলিন লেভিট। আগস্টের শেষদিকে তিনি আনুষ্ঠানিকভাবে বর্তমান দায়িত্ব থেকে বিদায় নেবেন।খবর আইবিএননিউজ । গত বুধবার (১২ আগস্ট) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ক্যারোলিন লেভিটের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিট গত মে মাসে ভিভিয়ানা নামের দ্বিতীয় কন্যাসন্তানের মা হন। মাতৃত্বকালীন ছুটি শেষে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে তিনি হোয়াইট হাউসের কাজে ফিরেছিলেন। তবে প্রেস সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত পদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তার দুই ছোট সন্তানকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। সন্তানদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লেভিট। তবে পদ ছাড়লেও রাজনীতি থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না ক্যারোলিন লেভিট। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে বাইরে থেকে কাজ চালিয়ে যাবেন। পাশাপাশি রিপাবলিকান পার্টি এবং ‘মাগা’ (MAGA) আন্দোলনের একজন প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবেও তার রাজনৈতিক ভূমিকা অব্যাহত থাকবে। ক্যারোলিন লেভিটের পারিবারিক সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে লেভিটের ভূমিকার প্রশংসা করে বলেছেন, তিনি একজন সত্যিকারের নেতার মতো দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প তাকে হোয়াইট হাউসের ইতিহাসের অন্যতম সেরা প্রেস সেক্রেটারি হিসেবেও আখ্যায়িত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *