লাখাইয়ে পথশিশু নিকেতন ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াতে নৌকা সার্ভিস উদ্বোধন
লাখাই প্রতিনিধি
লাখাই উপজেলার হাওর অঞ্চলের দুর্গম পথে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ ও সুগম করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘পথশিশু নিকেতন ফাউন্ডেশন’। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুলে যাতায়াতের সুবিধার্থে “বিনামূল্যে নৌকা সার্ভিস”-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার(৯ আগষ্ট) দুপুরবেলা উপজেলার সন্তোষ এলাকায় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নিপুন রায়। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্ষাকালে হাওর অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ অবস্থায় পথশিশু নিকেতন ফাউন্ডেশনের এই বিনামূল্যের নৌকা উপহার ও সার্ভিস চালু করার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী শাহীন উদ্দিন আহমেদ এবং সন্তোষপুর ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শাহ রফিকুল ইসলাম এবং গ্রাম আদালত এর সমন্বয়কমোঃ আলমগীর হোসেন। পথশিশু নিকেতন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ নাজিমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জেবুন্নেছা এবং সাধারণ সম্পাদক আশিষ দাস। সংগঠনের নেতৃবৃন্দ জানান, বর্ষা মৌসুমে যোগাযোগের চরম অব্যবস্থাপনার কারণে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত না হয় এবং তারা যেন নিরাপদে ও নিয়মিত স্কুলে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পথশিশু নিকেতন ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় এলাকাবাসী সংগঠনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।