কুপিয়ে-ছুরিকাঘাতে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, আহত ৩
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদ হোসেন (৪৭)-কে কুপিয়ে হত্যাচেষ্টা, গলা চেপে শ্বাসরোধ এবং সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে আসা মোঃ অলিল (২৯) নামে এক ব্যক্তিকেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—গাজীপুরের নয়নপুর এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে মোঃ লিটন মিয়া (৪৮), মৃত ওসমানের ছেলে মোঃ আলম সরকার (৪৮), হালডোবা এলাকার মৃত ইয়াসিন মাতাব্বরের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪২) এবং নয়নপুর এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মোঃ সোহেল ওরফে জ্যাক সোহেল (৩৮)। অভিযোগে তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৪-৫ জন থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে জয়দেবপুর থানাধীন নয়নপুরের মোড়ল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অভিযুক্তরা এমদাদ হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা, গলা চেপে শ্বাসরোধ এবং তার সঙ্গে থাকা নগদ আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। তাকে উদ্ধারে এগিয়ে এলে অলিলকেও ছুরিকাঘাত ও মারধর করা হয়। পরে আহত অবস্থায় এমদাদ হোসেন ও অলিলকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা চিকিৎসা নেন। এ ঘটনায় এমদাদ হোসেন জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে, হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম সরকার, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ এবং সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে দুই নম্বর অভিযুক্ত আলম সরকার জানান, এখানে ব্যবসা বাণিজ্য নিয়ে কথা কাটা কাটি হয়। পরবর্তীকালে তারা আমাদের উপর হামলা করে ফিরাতে গিয়ে আমার হাতে আঘাত লাগে।এতে করে আমার হাতে ছয়টা সেলাই লাগে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।