বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিলোমিটার সড়ক

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪১ কিলোমিটার সড়ক

Jul 31, 2026

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে সড়ক ও জনপথের (সওজ) ২৪১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক মেরামতে স্বল্প ও দীর্ঘমেয়াদী বরাদ্দের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বল্প মেয়াদে মেরামতের জন্য ৩৪ কোটি ৫৫ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদী মেরামতের জন্য ২১০ কোটি ২৯ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে। ইতোমধ্যে চট্টগ্রাম সড়ক জোন থেকে ক্ষতিগ্রস্ত জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের তথ্য সড়ক ভবনের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম সড়ক বিভাগ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ের বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় মোট ২৪১ কিলোমিটার জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে জাতীয় মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ দশমিক ২৩ কিলোমিটার। আঞ্চলিক মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ দশমিক ৭ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭৬ কিলোমিটার। চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিমের স্বাক্ষরিত বন্যায় ক্ষয়ক্ষতির সারসংক্ষেপে জানা যায়, চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা মহাসড়কের মোট ২৪১ দশমিক ৩১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কের স্বল্প মেয়াদী মেরামতের জন্য সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৪ কোটি ৫৫ লাখ টাকা। আর দীর্ঘ মেয়াদী মেরামতের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২১০ কোটি ২৯ লাখ টাকা। জানা গেছে, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত সড়কসমূহ মেরামতের জন্য সম্ভাব্য প্রস্তাবনা সড়ক ভবনে পাঠানো হয়েছে। সেখান থেকে তা মন্ত্রণালয়ে যাবে। তবে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়ক সমূহে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য নিয়মিত মেরামতের অংশ হিসেবে মেরামতের কাজ চলছে বলে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলীরা দৈনিক ডেল্টা টাইমস কে জানিয়েছেন। সওজের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যায় চট্টগ্রাম অঞ্চলের মোট ক্ষতিগ্রস্ত সড়কের মধ্যে জাতীয় মহাসড়ক রয়েছে ৩২ দশমিক ৩২ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৩৩ দশমিক ৭ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৭৬ কিলোমিটার। অর্থাৎ ক্ষতিগ্রস্ত সড়কের প্রায় দুই–তৃতীয়াংশই জেলা সড়ক, যেগুলোর ওপর স্থানীয় যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে বেশি নির্ভরশীল। সড়ক বিভাগ ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান সড়কের। যেখানে ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ ১০০ কিলোমিটার। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। সেখানে ৬৫ দশমিক ৮৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ দশমিক ৫৬ কিলোমিটার সড়ক। এছাড়া কঙবাজারে ১৫ দশমিক ১৪ কিলোমিটার, খাগড়াছড়িতে ১৭ দশমিক ২২৫ কিলোমিটার এবং রাঙ্গামাটিতে ২ দশমিক ৬ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *