এতিম ভাই-বোনের সম্পত্তি দখলের অভিযোগ চাচার বিরুদ্ধে স্থানীয় সালিশ-নিষেধ উপেক্ষা করে ঘর নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ
এস এম জহিরুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
বাবা হারানোর পর এতিম ভাই-বোনের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা ও বাড়ি নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা একাধিকবার বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়ে অভিযুক্তকে সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য বললেও তিনি তা মানেননি। ভুক্তভোগী মো. জাহিদুল ইসলাম নাঈম (২২) সম্প্রতি শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগের তীর আপন চাচা মো. মাজহারুল ইসলাম (৪২) ও চাচি মোছা. কাকুলি আক্তারের (৩৮) দিকে। নাঈমের অভিযোগ, তাঁর বাবা মৃত হুমায়ুন কবির প্রায় পাঁচ মাস আগে মারা যান। বাবার মৃত্যুর পর তিনি ও তাঁর বোন পৈতৃক সম্পত্তির ভোগদখলে রয়েছেন। কিন্তু চাচা মাজহারুল ইসলাম তাঁদের পৈতৃক সম্পত্তি দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার-সালিশ হলেও অভিযুক্ত তা মানছেন না বলে অভিযোগ করেন নাঈম। থানায় দেওয়া অভিযোগে নাঈম বলেন, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে তিনি পৈতৃক জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় চাচা মাজহারুল ইসলামসহ কয়েকজন সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেন এবং মিস্ত্রি ও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেন। পরে নাঈম প্রতিবাদ করলে তাঁকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে বাড়ি নির্মাণের মালামাল ও সামগ্রী ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগে আরও বলা হয়, নাঈমের বড় বোন হালিমা আক্তার ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁকেও অশালীন আচরণ ও গালিগালাজ করা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা নাঈম ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা একাধিকবার উদ্যোগ নেন। তাঁদের দাবি, নাঈম ও তাঁর বোনের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি না করে তাঁদের সম্পত্তি তাঁদের ভোগদখলে রাখার বিষয়ে অভিযুক্ত মাজহারুল ইসলামকে বলা হলেও তিনি স্থানীয় বিচার-সালিশের সিদ্ধান্ত মানেননি। স্থানীয়দের ভাষ্য, এতিম ভাই-বোনের সম্পত্তি দখল বা আত্মসাতের কোনো ধরনের চেষ্টা হয়ে থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে প্রকৃত মালিকানা ও দখল যাচাই করে ভুক্তভোগী পরিবারের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে অভিযুক্ত মাজহারুল ইসলামের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে সরে যান বলে জানা যায়। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” অভিযোগকারী পরিবারের দাবি, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত মালিকানা ও দখলের অবস্থা নির্ধারণ এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হোক।