আড়াইহাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বাধা, প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ

আড়াইহাজারে জামায়াতের কর্মী সম্মেলনে বাধা, প্যান্ডেল ও মঞ্চ ভাঙচুরের অভিযোগ

Aug 9, 2026

 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বাধা, মঞ্চ, চেয়ার-টেবিল ও প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ, নিন্দা জামায়াত নেতার। শুক্রবার (৮ আগস্ট) সম্মেলনের প্রস্তুতি চলাকালে এ ঘটনা ঘটে বলে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা দাবি করেছেন। তাঁদের অভিযোগ, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে কর্মী সম্মেলনের আয়োজনে বাধা দেন। পরে তাঁরা মঞ্চ, চেয়ার-টেবিল ও প্যান্ডেল ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাগকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়া কিংবা মঞ্চ-প্যান্ডেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে মতের ভিন্নতার কারণে কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, ভাঙচুর বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য নয়। সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। মাওলানা মিজানুর রহমান অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ড পরিহার করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার আহ্বান জানান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতারা। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক কর্মসূচি নির্বিঘ্নে পালনের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপও দাবি করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *