দিনাজপুরের বিরামপুর রেলস্টেশন যেন প্রকৃতির কোলে এক নান্দনিক ঠিকানা
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
৮ আগস্ট ২০২৬। দিনাজপুরের বিরামপুর। ব্যস্ত রেলপথের পাশেই যেন প্রকৃতির এক মনোমুগ্ধকর আয়োজন বিরামপুর রেলওয়ে স্টেশন। শুধু ট্রেনে ওঠানামার জায়গা নয়,নান্দনিক পরিবেশ আর সবুজের সমারোহে স্টেশনটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের আকর্ষণের অন্যতম স্থান। অনেকের কাছে এটি যেন উত্তরবঙ্গের অন্যতম সৌন্দর্যমণ্ডিত রেলস্টেশন। আজকের ভিডিওতে চলুন ঘুরে দেখি বিরামপুর রেলস্টেশনের সেই অপরূপ সৌন্দর্য। বিরামপুর রেলস্টেশনের পশ্চিম পাশে রয়েছে যাত্রীদের প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারে পা রাখতেই চোখে পড়ে সুন্দরভাবে সাজানো একটি পার্ক। সবুজ গাছপালা, খোলা পরিবেশ আর পরিপাটি সৌন্দর্য সব মিলিয়ে জায়গাটি তৈরি করেছে মনোরম এক আবহ। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী কিংবা স্টেশনে আসা দর্শনার্থী যে কেউ কিছুটা সময় এখানে দাঁড়ালে অনুভব করতে পারেন প্রশান্তির ছোঁয়া। ব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও এমন একটি সুন্দর পরিবেশ মানুষের মনে এনে দেয় স্বস্তি। এই পার্কে প্রতিদিনই দেখা যায় মানুষের আনাগোনা। অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে আসেন। ছোটদের পাশাপাশি উঠতি বয়সের ছেলে মেয়েরাও অবসর সময় কাটাতে ভিড় জমায় এই সুন্দর পরিবেশে। কেউ হাঁটছেন,কেউ বসে সময় কাটাচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করছেন। শিশুদের হাসি আনন্দ আর মানুষের স্বাভাবিক ব্যস্ততায় পার্কটি যেন প্রতিদিনই প্রাণ ফিরে পায়। বিশেষ করে বিকেলের দিকে এখানে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। স্টেশনের কোলাহলের পাশেই এমন একটি সুন্দর জায়গা স্থানীয় মানুষের বিনোদনের সুযোগও তৈরি করেছে। একদিকে রেললাইন, অন্যদিকে সবুজের আবরণ। তার সঙ্গে স্টেশনের স্থাপনা এবং পার্কের সৌন্দর্য সবকিছু মিলিয়ে বিরামপুর রেলস্টেশন পেয়েছে আলাদা একটি নান্দনিক রূপ। ট্রেন যখন স্টেশনে প্রবেশ করে,তখন রেললাইনের শব্দের সঙ্গে মিশে যায় মানুষের কোলাহল। আবার ট্রেন চলে যাওয়ার পর মুহূর্তেই ফিরে আসে অপেক্ষাকৃত শান্ত পরিবেশ। প্রকৃতি, রেলপথ ও মানুষের জীবনযাত্রার এই মেলবন্ধন বিরামপুর রেলস্টেশনকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। একজন যাত্রী হয়তো এখানে ট্রেনের অপেক্ষায় এসেছেন। কিন্তু স্টেশনের সৌন্দর্য দেখে তার কিছুটা সময় কেটে যেতে পারে প্রকৃতির সঙ্গে। স্থানীয়দের কাছে বিরামপুর রেলস্টেশন শুধু যাতায়াতের একটি মাধ্যম নয়। এটি বিরামপুরের পরিচিত একটি স্থান। বিশেষ করে স্টেশনের পশ্চিম পাশের পার্কটি মানুষের অবসর বিনোদনের একটি সুন্দর জায়গা হিসেবে পরিচিতি পেয়েছে। তবে এমন সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন সবার সচেতনতা।
পার্ক ও স্টেশন প্রাঙ্গণে ময়লা আবর্জনা না ফেলা,গাছপালা ও স্থাপনার ক্ষতি না করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা এ দায়িত্ব আমাদের সবার। কারণ একটি সুন্দর জায়গা শুধু তৈরি করলেই হয় না,সেটিকে সুন্দর রাখাও প্রয়োজন। বিরামপুর রেলস্টেশন এখানে প্রতিদিন থামে ট্রেন। আসেন হাজারো যাত্রী। কিন্তু এর সৌন্দর্য শুধু রেলযাত্রার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্টেশনের পশ্চিম পাশের প্রবেশদ্বার,সবুজে ঘেরা পার্ক এবং মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সবকিছু মিলে এটি হয়ে উঠেছে বিরামপুরের একটি নান্দনিক স্থান। প্রকৃতির সৌন্দর্য আর মানুষের ভালোবাসায় সাজানো এই জায়গাটি ভবিষ্যতে আরও সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠুক এটাই প্রত্যাশা। আপনি যদি কখনো বিরামপুরে আসেন,সময় করে ঘুরে দেখতে পারেন এই সুন্দর রেলস্টেশনটি। বিরামপুর রেলস্টেশন রেলযাত্রার পাশাপাশি সৌন্দর্য উপভোগেরও এক মনোরম ঠিকানা।