বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত
বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ উপজেলা গড়ার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা ক্যাম্পাসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার। আলোচনায় বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ, অংশীদারিত্ব ও একটি সমন্বিত রোডম্যাপ উপস্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,
“শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় অংশগ্রহণকারী বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রমের বর্তমান চিত্র তুলে ধরে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইনের কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়—নিয়মিত মনিটরিং, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয় ও পরিবারভিত্তিক কার্যক্রম জোরদার এবং আইন প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার কার্যক্রম শেষ হয়।