বটতলী ঈদগাহ মাঠে বক্তব্যে মুসলিম ঐক্যের আহ্বান নুর আলমের
অফিস ডেস্ক :
দিনাজপুর জেলার ৯ নং ইউনিয়ন পরিষদের বিএনপি’র সভাপতি ও বটতলী ঈদগাহ মাঠের সভাপতি মোহাম্মদ নুর আলম নির্মম ইসলাম বটতলী ঈদগাহ মাঠে এক বক্তব্যে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা যদি পারস্পরিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে কোনো শক্তিই তাদের ক্ষতি করতে পারবে না। ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, এই সংকট শুধু একটি দেশের নয়, বরং এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
নুর আলম আরও বলেন, ইরান যে দৃঢ়তা ও ঐক্যের মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করছে, তা বিশ্ববাসীর নজর কেড়েছে। তার মতে, ঐক্যই শক্তি—আর এই ঐক্যের কারণেই একটি দেশ কঠিন সময়েও টিকে থাকতে পারে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি কোনোভাবে ইরান দুর্বল হয়ে পড়ে, তাহলে এর প্রভাব সমগ্র মুসলিম বিশ্বের ওপর পড়তে পারে। তাই তিনি সকল মুসলমানকে ইরানের জন্য দোয়া করার আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “বিশ্বের সকল মুসলমানদের উচিত পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকা। বিভাজন নয়, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
এ সময় তিনি দেশ-বিদেশের মুসলমানদের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।