বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

অফিস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর প্রধান নির্বাচকের পদে পরিবর্তন আসতে যাচ্ছে। বিসিবি সাবেক জাতীয় দলের অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে নতুন প্রধান নির্বাচক হিসেবে প্রস্তাব দিয়েছে।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে দায়িত্ব গ্রহণ করেন। চুক্তির পুরো সময় দায়িত্ব পালন করলেও তিনি আর মেয়াদ বাড়াতে আগ্রহী নন। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। চুক্তি অনুযায়ী তার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসেই।
বিসিবি চাইছিল আরও দীর্ঘমেয়াদি চুক্তিতে তাকে ধরে রাখতে। তবে পারিবারিক কারণ দেখিয়ে দীর্ঘ সময়ের জন্য দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেন লিপু। ফলে খুব শিগগিরই প্রধান নির্বাচকের পদটি শূন্য হয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে আপাতত প্রস্তাবে তাৎক্ষণিক সম্মতি দেননি বাশার। জানা গেছে, তিনি সিদ্ধান্ত নিতে কিছুটা সময় চেয়েছেন। তবুও প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে তিনি আগ্রহী। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে শিগগিরই দায়িত্ব নিতে পারেন সাবেক এই অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *