২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করছে বিএনপি সরকার

২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করছে বিএনপি সরকার

অফিস ডেস্ক :
রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাঁধে নিচ্ছে ২৩ লাখ কোটি টাকারও বেশি সরকারি ঋণের ভার। অর্থনীতির এই বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেই যাত্রা শুরু করতে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের।
সংশ্লিষ্টদের মতে, ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশের বেশি। ফলে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারের সামনে অর্থনৈতিক ব্যবস্থাপনায় কঠিন বাস্তবতা অপেক্ষা করছে।
বাংলাদেশ ব্যাংক–এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশি ও বিদেশি উৎস মিলিয়ে সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই–ডিসেম্বর সময়ে সরকার ব্যাংকিং উৎস থেকে নেয় ৬১ হাজার ১৪৮ কোটি টাকা।
একই সময়ে ১০৭ কোটি ৪০ লাখ ডলারের নিট বৈদেশিক ঋণ আসে। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ১৩ হাজার ১০৩ কোটি টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার দেশি ও বিদেশি উৎস মিলিয়ে মোট ৭৪ হাজার ২৫১ কোটি টাকা ঋণ নিয়েছে।
সব মিলিয়ে গত বছরের ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকায়।
ছাত্র–জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পথচলার ইতি টেনে তারেক রহমান–এর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে। অর্থনীতির স্থিতিশীলতা ফেরানো ও ঋণের চাপ সামাল দেওয়া—এই দুই বড় চ্যালেঞ্জ দিয়েই শুরু হচ্ছে বিএনপি সরকারের নতুন অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *