বরানগর ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
অফিস ডেস্ক :
বরানগর ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং তৃণমূল কংগ্রেস-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। বরানগর বারুইপাড়া তরুণ দল কালীপুজো প্রাঙ্গণের সংযোগস্থলে গত ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে এলাকার বিভিন্ন বয়সের নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরানগর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সরমা পাল, সঞ্জয় কৃষ্ণ পাল, সত্যেন জানা, সৌরভ জানা, তনেন ব্যানার্জি, আরতি রায়, গৌরি বিশ্বাস, মানু নাথ, গোপাল ঘোষ, তামসি, ইন্দ্রানী, শিলা-সহ আরও অনেকে।
শুভ সূচনার পর অতিথিদের উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক প্রদান করে সম্মানিত করা হয়।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১২ ও ১৩ ফেব্রুয়ারি—মোট দুই দিন সময় নির্ধারণ করা হয়েছিল। দশ থেকে কুড়ি বছর বয়সী ছেলে ও মেয়েরা নাম নথিভুক্ত করতে পারেন। প্রতিযোগিতার অন্তর্ভুক্ত ছিল—
মিউজিক্যাল চেয়ার
চামচে গুলি নিয়ে হাঁটা
জিলিপির দৌড়
হাড়িভাঙা
প্রতিটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি বড়দের জন্যও মিউজিক্যাল চেয়ার ও হাড়িভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে নারী-পুরুষ উভয়েই অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর রামকৃষ্ণ পাল বলেন,
“প্রতিবছরই আমরা এই দিনে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের পাশাপাশি অভিভাবকদেরও অংশগ্রহণের জন্য আহ্বান জানাই। এলাকাবাসীর সহযোগিতায় এই অনুষ্ঠান সফল হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। সারা বছর ধরেই সমাজসেবামূলক কাজ ও নানা কর্মসূচির মাধ্যমে সকলকে একত্রিত রাখার চেষ্টা করি, যাতে এলাকাবাসী আনন্দ পায়।”
স্থানীয় বাসিন্দারা জানান, এমন আয়োজন এলাকার সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে।