টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

অফিস ডেস্ক :
টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলা ও ঘাটাইল উপজেলার আঠারোদানা এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু স্বাধীন (২১) ও ফাহিম (২২)। অপরদিকে ঘাটাইলের ঘটনায় নিহত হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের লাইলী বেগম (২৮) ও তাঁর ভাগ্নী মদিনা আক্তার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলা এলাকায় রফিক-রাজু স্কুলের সামনে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে স্থাপিত গ্যাস রাইজারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, নিহত দুই যুবক রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বটতলা এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
অপরদিকে, একই দিন বিকেলে ঘাটাইল উপজেলার আঠারোদানা এলাকায় সড়ক দুর্ঘটনায় লাইলী বেগম ও তাঁর ভাগ্নী মদিনা আক্তারের মৃত্যু হয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।