পুরোনো দিনের গৌরব ফেরাতে জামালপুর-৫ আসনে গণসংযোগে এডভোকেট মামুন

পুরোনো দিনের গৌরব ফেরাতে জামালপুর-৫ আসনে গণসংযোগে এডভোকেট মামুন

জামালপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেছেন, “২০২৬ সালের নির্বাচন চ্যালেঞ্জবিহীন নয়। চ্যালেঞ্জ না থাকলে কর্মীদের উৎসাহ বাড়ে না, প্রচারও জোরদার হয় না। আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত, ইনশাল্লাহ।”
শুক্রবার জামালপুরের কাচারি পাড়া, বানিয়া বাজার, ফুলপুর, রশীদপুর, পাথালিয়া, কুজগড় মাঠ, কেন্দুয়া, নরন্দি, নান্দিনা, শ্রীপুর ইউনিয়ন ও শাহবাজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এডভোকেট মামুন বলেন, বিএনপি একটি ঐক্যবদ্ধ ও জনগণের আস্থাভাজন দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় পরিচালিত এই দল অতীতে একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপির সেই শাসনামলের ইতিহাস রয়েছে স্বনির্ভর বাংলাদেশ গড়ার।
তিনি বলেন, “আমি বিএনপির প্রার্থী হিসেবে জামালপুর-৫ আসনকে নতুনভাবে সাজাতে চাই। পুরোনো দিনের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। মাদকমুক্ত সমাজ, অত্যাচারমুক্ত জামালপুর এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই।”
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জামায়াতের শক্তি ও সাংগঠনিক সক্ষমতা সম্পর্কে অবগত। তবে বিএনপির রয়েছে সুস্পষ্ট কর্মপরিকল্পনা, যা জামায়াতের নেই। তারেক রহমান জনগণের সামনে স্পষ্টভাবে বলেছেন— ‘আই হ্যাভ দ্য প্ল্যান’। তিনি শুধু পরিকল্পনা তৈরি করেননি, বরং নেতাকর্মীদের প্রশিক্ষিতও করেছেন।
তিনি অভিযোগ করে বলেন, জামায়াত ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছে এবং অর্থের মাধ্যমে ভোট কেনার চেষ্টা করছে, যা অস্বচ্ছ ও অনৈতিক। ধর্মকে ব্যবহার করে জান্নাত-জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করাও অনুচিত বলে মন্তব্য করেন তিনি।
এডভোকেট মামুন আরও বলেন, “আমরা চাই ধর্মের অপব্যবহার বন্ধ হোক। রাজনীতিতে গণতন্ত্রের চর্চা হোক। জনগণের কাছে গিয়ে বলুন, আগামী দিনে কী করবেন—সে পরিকল্পনা দিন।”
তিনি বলেন, বিএনপি কোনো দলের সঙ্গে সংঘাতে যেতে চায় না। নতুন বাংলাদেশের যাত্রায় সবাইকে পাশে চায়। দীর্ঘদিন পর ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এটি প্রথম নির্বাচন। এই নির্বাচনে ভোটাররা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সেটিই বিএনপির প্রত্যাশা।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিক মাস্টার, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *