রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা
রমজান মাসে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ সময় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তাঁর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, রমজান মাসে অফিস সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থাগুলো নিজ নিজ প্রয়োজন ও সুবিধা অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে বলেও জানান তিনি।