আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সেনাবাহিনীর সমন্বয় সভা

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সেনাবাহিনীর সমন্বয় সভা

আর মাত্র এক সপ্তাহ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামছে। এ উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে এই সভা অনুষ্ঠিত হয়। সভার আগে ক্যাম্প পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরিদর্শনকালে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার করতেই এই সভার আয়োজন করা হয়। সভায় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিয়োজিত সেনাসদস্যদের জনগণের প্রতি নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন।
‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে তিনি নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন। একটি ভীতিমুক্ত, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করাই সেনাবাহিনীর এই তৎপরতার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ৯ পদাতিক ডিভিশনের জিওসি, সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে অসামরিক প্রশাসনের পক্ষে ঢাকার বিভাগীয় কমিশনারসহ বিভাগ ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রধানরা অংশগ্রহণ করেন।
সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
উল্লেখ্য, নির্বাচনী প্রস্তুতি তদারকির অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি ২০২৬ থেকে দেশের বিভিন্ন অঞ্চল সফর করছেন। এরই ধারাবাহিকতায় তিনি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছেন।
সকল বিভাগ ও জেলার প্রশাসনের সঙ্গে সমন্বিত আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *