পাবনা-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ফরিদপুর উপজেলা (পাবনা) প্রতিনিধি:
পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় চাটমোহরে তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় কৃষিবিদ হাসান জাফির তুহিন এলাকার সার্বিক উন্নয়ন, কৃষি খাতের সম্ভাবনা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, পাবনা-৩ আসন কৃষি ও শিল্প সম্ভাবনায় সমৃদ্ধ একটি অঞ্চল। এ অঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সুবিধা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। পাশাপাশি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশার কথা ব্যক্ত করেন এবং গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জবাবদিহিমূলক রাজনীতিতে তিনি বিশ্বাসী।
মতবিনিময় সভায় পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।