রাজশাহীতে র্যাবের বিশেষ অভিযান বিদেশি রিভলবার ও ওয়ান শুটারগানসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৫। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান, দুটি এয়ারগান এবং ২০ রাউন্ড পিস্তলের তাজা গুলি।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫-এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, শাহমখদুম থানাধীন পুরাতন ফুদকিপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে।
অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এলাকাটি তল্লাশি করে র্যাব সদস্যরা একটি হলুদ রঙের বস্তা ও একটি লাল রঙের শপিং ব্যাগ উদ্ধার করেন। ব্যাগের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।
র্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।