গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জনতার দলের মহাসচিব আজম খানের নির্বাচনী পথসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসন (কালীগঞ্জ-বাড়িয়া) এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভায় নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কালীগঞ্জ বাজারের ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতার দলের মহাসচিব ও গাজীপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা আজম খান।
তিনি বলেন, নির্বাচিত হলে কালীগঞ্জকে একটি আধুনিক, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। কালীগঞ্জের রাস্তাঘাটের দীর্ঘদিনের ভোগান্তি দূর করা হবে এবং বাজার এলাকার ব্যবসায়ীরা আর দোকান বন্ধের আতঙ্কে ভুগবেন না।
তিনি আরও বলেন, দোকানে চুরি ও ডাকাতি রোধে কালীগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে জাপানি প্রযুক্তির আধুনিক সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা হবে। এরপরও কোনো ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বা ডাকাতির ঘটনা ঘটলে কালীগঞ্জ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
আজম খান জানান, কালীগঞ্জ থেকে ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হবে। হিন্দু ও খ্রিষ্টান সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। অসহায়, দরিদ্র ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করা হবে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কালীগঞ্জকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
এছাড়া বাল্যবিবাহ রোধে কালীগঞ্জের বিভিন্ন এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
আবেগঘন কণ্ঠে আজম খান বলেন,
“আমি আপনাদের কারো ভাই, কারো ছেলে, কারো ভাতিজা, কারো নাতি—সবচেয়ে বড় কথা আমি আপনাদের কালীগঞ্জের সন্তান। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের দ্বারপ্রান্তে ভোটের যুদ্ধে নেমেছি।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে কালীগঞ্জে চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। কালীগঞ্জকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
পথসভা শেষে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনতার দলের ‘কলম’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং বলেন,
“জয় হবে কালীগঞ্জের শান্তিপ্রিয় ও শান্তিকামী মানুষের।”